
কমপিউটার অপারেটিং সিস্টেম হিসেবে বিশ্বজুড়ে লিনাক্সের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। কারণ লিনাক্স বিনামূল্যে পাওয়া যায়, যে কেউ চাইলে লিনাক্সের যে কোন ধরনের উন্নয়ন সাধন, পরিমার্জন ও পরিবর্ধন করতে পারেন। লিনাক্সের ব্যবহারকারীরা অপারেটিং সিস্টেমের সর্বোচ্চ নিরাপত্তা পেয়ে থাকেন এবং লিনাক্স বিভিন্ন ধরনের ভাইরাস, ওয়ার্ম, ব্ল্যাকলিস্ট ডায়ালার জাতীয় সব ধরনের সমস্যা থেকে মুক্ত।
অপারেটিং সিস্টেম হিসেবে লিনাক্স ভীষণ জনপ্রিয় হবার আরেকটি কারণ হলো লোকালাইজেশন অর্থাৎ স্থানীয় ভাষায় উপস্থাপন, যা ব্যবহারকারীকে দেয় স্থানীয় ভাষায় প্রতিটি সফটওয়্যার ব্যবহারের সর্বোচ্চ সুবিধা। সেই প্রেক্ষাপট বিবেচনা করে দীর্ঘদিন যাবত 'অঙ্কুর' বাংলা ভাষায় লিনাক্স লোকালাইজেশনের কাজ করে আসছে এবং 'শ্রাবণী' এই প্রচেষ্টারই একটি সফল এবং বাস্তব উপস্থাপনা। এই শ্রাবণী লিনাক্সে অফিস অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, ডেস্কটপ পাবলিশিং, ইন্টারনেটের যাবতীয় ব্যবহার, গেম খেলা, গান শোনা, ভিডিও দেখা ইত্যাদি যাবতীয় কাজ সম্পাদন করা সম্ভব। এক কথায় একজন কমপিউটার ব্যবহারকারীর সব দিক বিবেচনা করে শ্রাবণী লিনাক্সকে ঢেলে সাজানো হয়েছে পরিপূর্ণভাবে।
অঙ্কুরের এই প্রচেষ্টাকে বাস্তব রূপ দিতে এগিয়ে এসেছে দেশের স্বনামধন্য সফটওয়্যার উন্নয়নকারী প্রতিষ্ঠান 'সিসটেক ডিজিটাল'। বাংলা ভাষাভাষীদের কাছে বাংলা লিনাক্সকে ছড়িয়ে দিতে অঙ্কুর এবং সিসটেক ডিজিটাল-এর এটি একটি যৌথ প্রয়াস।
Request for Demo: